আন্তর্জাতিক উৎস থেকে মিলছে ৫০ কোটি ডলারেরও কম, সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়নের আহ্বান প্রতিমন্ত্রীর
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত, সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে প্রতিবছর প্রায় ৮৫০ কোটি মার্কিন ডলার প্রয়োজন হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় ৪০০ কোটি ডলার। এর মধ্যে আন্তর্জাতিক উৎস থেকে আসছে ৫০ কোটি ডলারেরও কম।
কপ৩১ সম্মেলনে অর্থায়নের আহ্বান
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন ইন বাংলাদেশ: ফ্রম ন্যাশনাল সাকসেস টু গ্লোবাল স্কেল আপ’ শীর্ষক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আজ এক তথ্যবিবরণীতে জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
নিজস্ব উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় অগ্রগতি
শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং নিজস্ব অর্থায়নে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তিনি বলেন, ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের প্রাণহানির পর বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় সুপরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় দেশে ৪ হাজার ২০০টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৭৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের মাধ্যমে আগাম সতর্কবার্তা প্রচারের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
অভিযোজন ব্যয়ের ৮৮ শতাংশ আসে জাতীয় বাজেট থেকে
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ নিজস্ব সম্পদ ব্যবহার করে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে। এ ছাড়া ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ুসংশ্লিষ্ট ব্যয় চিহ্নিত করার ব্যবস্থা চালু করা হয়েছে।
দেশের মোট অভিযোজন ব্যয়ের প্রায় ৮৮ শতাংশ জাতীয় বাজেট থেকে নির্বাহ করা হচ্ছে। তাঁর মতে, এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব অঙ্গীকার ও প্রচেষ্টার প্রতিফলন।
তবে অভিযোজন কার্যক্রমের প্রয়োজনীয়তা ও প্রাপ্ত অর্থায়নের মধ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে। এ পরিস্থিতিতে অনুদান ও সহজ শর্তে জলবায়ু অর্থায়ন বাড়ানোর পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থায়ন পৌঁছানোর ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিল দ্রুত কার্যকর করার ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমে ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতা ও অংশীদারত্বেরও প্রশংসা করেন প্রতিমন্ত্রী।
জলবায়ু অভিযোজন ও উন্নয়ন পরস্পর সম্পর্কযুক্ত
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু অভিযোজন ও উন্নয়ন পরস্পর সম্পর্কযুক্ত। কার্যকর অভিযোজন ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের অগ্রগতি সুরক্ষিত রাখা সম্ভব নয়।
তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটলেও বাংলাদেশের জলবায়ু ঝুঁকি কমবে না। তাই অভিযোজন অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখা অপরিহার্য।
প্যানেল আলোচনায় অংশ নেন বিশেষজ্ঞরা
অনুষ্ঠানে বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমের সাফল্য ও অভিজ্ঞতা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ইউএনডিপি সদর দপ্তরের জ্যেষ্ঠ কারিগরি উপদেষ্টা রোহিনী কোহলির সঞ্চালনায় প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) ধরিত্রী কুমার সরকার, সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডা) রেজাল্টস বিভাগের উপপ্রধান উলরিকা অকেসন এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের ব্যবস্থাপক ড. দাউদা এনদিয়াই।

