নওগাঁয় ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন পেশায় গ্রিলমিস্ত্রি হানিফ। রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে নওগাঁ সদর থানার চুনিয়াগাড়ি গ্রামে শিহাব হোসেনের জমির পাশের সড়কে পৌঁছালে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি তাঁকে ভয়ভীতি দেখিয়ে তাঁর মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।
ঘটনাটি জানার পর নওগাঁর পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ডিবির একটি দল বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায় জয়পুরহাট ও নওগাঁ সদর থানা এলাকায় অভিযান চালানো হয়। পরে গত ২০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ সদর থানার হাপানিয়া বাজার এলাকা থেকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নওগাঁর জগৎ সিংহপুর গ্রামের ইমাম হাসান বুলেট (৪৪), রানীনগর উপজেলার চক কুতুব গ্রামের ফারুক শেখ ওরফে ওমর আলী (২২) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাসতা বসন্তপুর গ্রামের আশিকুর রহমান ছানি (৩৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাঁদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র আইনে করা মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার আশিকুর রহমান ছানির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, আসামি শনাক্ত ও চুরি-ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

