রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মহাখালীতে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।

গ্রেফতার ব্যক্তির নাম মো. আবু সাঈদ মাহমুদ (৩০)। অভিযানের সময় তার কাছ থেকে ইয়াবার পাশাপাশি একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টা ৪৫ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন আবু সাঈদ মাহমুদকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তেজগাঁও শিল্পাঞ্চলসহ রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করতেন বলে গোয়েন্দাদের জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ডিবি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন