সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।
মরদেহ হস্তান্তরের সময় নিহতের পরিবারের হাতে তাৎক্ষণিক আর্থিক সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে পরিবারকে মোট ৮৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এর মধ্যে মরদেহ দাফন ও যাতায়াত ব্যয় বাবদ ৩৫ হাজার টাকা এবং হামলায় প্রাণ হারানোর কারণে বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।
এদিকে, নিহত শাহেদ আহম্মেদের বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ তার নিয়োগকারী প্রতিষ্ঠান সৌদি আরবের ‘সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি’ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্টে জমা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, দূতাবাসের অ্যাকাউন্টে জমা হওয়া এ অর্থ শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহতের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
নিহত কর্মীর মরদেহ দেশে পৌঁছানোর পর পরিবারের কাছে হস্তান্তর এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।

