বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

সিজিএস-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান, নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী

গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে। শনিবার পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট হিসেবে টেলিভিশন উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান এবং নির্বাহী পরিচালক হিসেবে অর্থনীতিবিদ ও গবেষক পারভেজ করিম আব্বাসীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিজিএস জানিয়েছে, নতুন নেতৃত্বের অধীনে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও গবেষণা কার্যক্রম আরও বিস্তৃত এবং নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকরভাবে উপস্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

জিল্লুর রহমান গণমাধ্যম ও জনপরিসরে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আলোচনার গ্রহণযোগ্য ও বিশ্লেষণমূলক কণ্ঠস্বর হিসেবে পরিচিত। তাঁর উপস্থাপিত টকশো “তৃতীয় মাত্রা” দুই দশক ধরে দেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। তিনি এর আগে সিজিএস-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রতিষ্ঠানের আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন “বে অব বেঙ্গল কনভারসেশন”-এর চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মকাণ্ডে তাঁর ব্যক্তিগত ও পেশাগত ভূমিকা সিজিএস-এর মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

নতুন দায়িত্ব গ্রহণের পর জিল্লুর রহমান বলেন, “সিজিএস দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উল্লেখযোগ্য গবেষণাসহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছে। অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় আমরা বিশ্বাস করি, তথ্যভিত্তিক গবেষণা, নীতিগত চিন্তা এবং সংলাপের মাধ্যমে সিজিএস একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে আরও সক্রিয় ভূমিকা রাখবে।”

অন্যদিকে, পারভেজ করিম আব্বাসী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং সিজিএস-এর সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভূ-রাজনীতি, রাজনৈতিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য তাঁর গবেষণার মূল ক্ষেত্র। তিনি দেশ-বিদেশের বিভিন্ন সম্মেলন, পিয়ার-রিভিউড জার্নাল এবং নীতি সংলাপে নিয়মিত অংশগ্রহণ করে থাকেন।

সিজিএস-এর নতুন পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন—নির্বাচন পর্যবেক্ষক ও মানবাধিকারকর্মী মুনিরা খান, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক মো. শফিউল্লাহ, সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ, উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা আব্দুল হক, নীতি বিশ্লেষক সুবীর দাস এবং লেখক ও সমাজ সংগঠক ফাহমিদা হক।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন