শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে তিন জেলায় দুদকের এনফোর্সমেন্ট অভিযান

ময়মনসিংহ, নোয়াখালী এবং ঠাকুরগাঁও জেলায় সরকারি বিভিন্ন দপ্তরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিনটি পৃথক এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১ জুলাই) এসব অভিযান পরিচালনা করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়কে সড়কবাতি উন্নয়ন প্রকল্পে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ একটি অভিযান পরিচালনা করে। এ সময় প্রকল্পের বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয় এবং সংশ্লিষ্ট প্রকৌশলীর বক্তব্য নেওয়া হয়। পাশাপাশি জয়নাল আবেদীন পার্ক, সার্কিট হাউস চত্বর, খাগডহর, ঘুন্টি, রহমতপুর বাইপাসসহ একাধিক এলাকার সড়কবাতি সরেজমিনে পরিদর্শন করা হয়। স্থানীয় ব্যক্তিদের সাথেও কথা বলেন দুদক কর্মকর্তারা। যাচাই-বাছাই শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

অন্যদিকে, বিএডিসি নোয়াখালী অফিসে বীজ সংগ্রহ, বিতরণ এবং শ্রমিক নিয়োগে অনিয়মের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী অভিযান চালায়। অভিযানে কৃষক এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে অভিযোগের বাস্তবতা যাচাই করা হয়। এ সময় বীজ সংগ্রহ, বিতরণ সংক্রান্ত নথিপত্র, বীজ বিপণন দপ্তর এবং এগ্রো সার্ভিস সেন্টারের শ্রমিক তালিকা, মাস্টাররোল ও হাজিরা খাতা জব্দ করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। বিস্তারিত যাচাই-বাছাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

একই দিনে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবায় অনিয়মের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও অভিযান চালায়। ছদ্মবেশে হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ এবং রোগীদের সঙ্গে কথা বলে অনিয়মের তথ্য সংগ্রহ করে দুদক টিম। অভিযানকালে দেখা যায়, রোগীদের জন্য সরবরাহকৃত খাবার নিম্নমানের এবং ডায়েট চার্ট অনুযায়ী সরবরাহ করা হয়নি। হাসপাতালের যন্ত্রপাতির বেশ কিছু নষ্ট থাকায় রোগীদের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে বেশি খরচে পরীক্ষা করাতে হচ্ছে। এছাড়া, প্রয়োজনীয় ওষুধ হাসপাতালে মজুদ থাকলেও রোগীদের বাইরে থেকে কিনতে বাধ্য করা হচ্ছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।

দুদক জানিয়েছে, এসব অভিযান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন