শনিবার, ২৮ মার্চ ২০২৬

ক্র্যাবের ফল উৎসবে দেশীয় ফলের বাহার, আন্তঃদেশীয় সাংস্কৃতিক বন্ধনের বার্তা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)–এর আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হলো এক বর্ণিল ফল উৎসব, যেখানে দেশীয় মৌসুমি ফলের সমাহারে মুখরিত ছিল গোটা অনুষ্ঠানপ্রাঙ্গণ। বৃহস্পতিবার সকালে রাজধানীর ক্র্যাব মিলনায়তনে আয়োজিত এ উৎসবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ও কূটনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং বিশেষ অতিথি ছিলেন পাকিস্তান হাই কমিশনের কাউন্সেলর (প্রেস) ফসিউল্লাহ খান।

স্বাগত বক্তব্য দেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্।

আয়োজনে ক্র্যাব, জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা দেশীয় ফলের সমারোহ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ বলেন, “ক্রাইম রিপোর্টাররা শুধু অপরাধ কাভার করেই থেমে থাকেন না, জাতীয় সংস্কৃতি ও উৎসবে তাদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। আজকের এই দেশীয় ফলের উৎসব দেশীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে। আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

পাকিস্তান হাই কমিশনের কাউন্সেলর ফসিউল্লাহ খান বলেন, “ফল উৎসবের মতো আয়োজনে দু’দেশের ঐতিহ্য ও শিকড় নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। ভবিষ্যতে যৌথভাবে এ রকম অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা পোষণ করছি।”

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, “ব্যস্ত সাংবাদিক জীবনে এক টেবিলে বসে মৌসুমি ফল উপভোগ করাটাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এটি সদস্যদের মাঝে বন্ধন বাড়ায়।”

সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, “এই আয়োজন কেবল একটি ফল উৎসব নয়, বরং এটি ছিল ক্র্যাব সদস্যদের মিলনমেলা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান, এবং ক্র্যাবের সাবেক নেতৃবৃন্দ।

অল ক্রাইমস.টিভি এবং দৈনিক আমার বার্তা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে। আয়োজকদের পক্ষ থেকে প্রতিষ্ঠান দুটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন