শনিবার, ২৮ মার্চ ২০২৬

বাংলাদেশের দুই সাংবাদিক নেপালে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক সম্মেলনে অংশ নিচ্ছেন

আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ জার্নালিস্ট কনফারেন্স ২০২৫-এ যোগ দিতে বাংলাদেশ থেকে দুই বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম আজাদ ও মোঃ আব্দুর রহমান রওনা হয়েছেন।

আগামী ১৩ ও ১৪ জুন (শুক্র ও শনিবার) কাঠমাণ্ডুর আয়োজিত এই দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে সার্ক জার্নালিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটি এবং নেপালের সাংবাদিক সংগঠন ন্যাশনাল ফোরাম ফর নেওয়ার জার্নালিস্ট।

বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ও সার্ক জার্নালিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান।

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, সম্মেলনে দক্ষিণ এশিয়ার প্রায় ১০০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। বিভিন্ন ভাষাভিত্তিক অঞ্চলের সাংবাদিকরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করবেন। মাতৃভাষায় সাংবাদিকতার সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে ঘিরেই হবে মূল আলোচনা।

সার্ক জার্নালিস্ট ফোরাম এর আগেও দক্ষিণ এশিয়াজুড়ে আন্তর্জাতিক পর্যায়ে সংবাদপত্র ও ভাষা-বিষয়ক ১০টিরও বেশি কনফারেন্স সফলভাবে আয়োজন করেছে। সর্বশেষ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ভারতের রাজস্থানে, যেখানে বাংলাদেশ প্রতিনিধি দল নেতৃত্ব দেন রফিকুল ইসলাম আজাদ।

এই ধরনের সম্মেলন দক্ষিণ এশিয়ায় সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভাষার মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন