শনিবার, ২৮ মার্চ ২০২৬

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান এমপি টিউলিপ সিদ্দিক

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। সম্প্রতি প্রেরিত একটি চিঠিতে তিনি এই সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন বলে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে।

চিঠিতে টিউলিপ সিদ্দিক উল্লেখ করেছেন, বাংলাদেশে তার ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যেসব অভিযোগ উঠেছে, সেগুলো ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং সেসব ঘিরে তৈরি হওয়া ‘ভুল বোঝাবুঝি দূর করতে’ তিনি ড. ইউনূসের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান।

প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ও তার মা মিলে ঢাকার একটি অভিজাত এলাকায় ৭,২০০ বর্গফুট আয়তনের একটি সরকারি প্লট অনৈতিকভাবে দখলে নিয়েছেন। যদিও টিউলিপ ও তার আইনি প্রতিনিধিরা শুরু থেকেই অভিযোগগুলোকে “রাজনৈতিক চক্রান্ত” বলে দাবি করে আসছেন।

চিঠিতে টিউলিপ বলেন, “লন্ডনে আপনার সফরকালে যদি আমাদের দেখা হয়, তাহলে আমার খালার (শেখ হাসিনা) সঙ্গে সম্পর্কিত যেসব প্রশ্ন উঠেছে, তা নিয়ে আমার দিকটি পরিস্কারভাবে তুলে ধরার সুযোগ পাবো।”

তিনি আরও লিখেছেন, “আমি লন্ডনে জন্মগ্রহণ করা একজন ব্রিটিশ নাগরিক। গত এক দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেট এলাকা থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছি। বাংলাদেশের প্রতি আবেগ থাকলেও, আমার কোনো ব্যবসায়িক স্বার্থ সেখানে নেই।”

চিঠিতে তিনি অভিযোগ করেন, লন্ডন থেকে তার আইনজীবীরা দুদকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো আনুষ্ঠানিক সাড়া মেলেনি। বরং দুদক একটি অজ্ঞাত ঢাকা ঠিকানায় তদন্ত সংক্রান্ত কাগজপত্র পাঠিয়েছে এবং প্রতিটি পদক্ষেপ সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে। এতে তার সাংসদ হিসেবে দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি।

টিউলিপের ভাষায়, “আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন—এই সব অভিযোগ কীভাবে আমার রাজনৈতিক দায়িত্ব এবং ব্রিটিশ সংসদে প্রতিনিধিত্বকে প্রভাবিত করছে।”

গত বছর যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ের আচরণ মানদণ্ড বিষয়ক উপদেষ্টা তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও, টিউলিপ স্বেচ্ছায় পদত্যাগ করেন। তিনি বলেছিলেন, বিতর্কটি লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের সরকারের জন্য রাজনৈতিকভাবে বিব্রতকর হতে পারে।

এদিকে, আগামীকাল ৯ জুন লন্ডন সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সফরের অংশ হিসেবে তিনি রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করবেন এবং যুক্তরাজ্যের থিংক ট্যাংক চ্যাথাম হাউজের একটি আলোচনায় অংশ নেবেন। সফরের সময় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ারও কথা রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন