শনিবার, ২৮ মার্চ ২০২৬

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, আহত ১৫

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনাগুলো ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের পশ্চিম তালদিঘি এলাকায়। ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মসজিদে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং ১৫ জন আহত হন।

নিহতরা হলেন—নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার মো. পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে মো. হাসান মিয়া (৮)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে আঘাত করে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপরতা শুরু করে।

অন্যদিকে একই উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা এলাকায় একই সময়ে আরেকটি দুর্ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তারা। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, ঈদুল আযহা সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে এবং এর প্রেক্ষিতে দেশের বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও চালকদের সচেতনতা ছাড়া এ ধরনের দুর্ঘটনা এড়ানো কঠিন হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন