রবিবার, ২৯ মার্চ ২০২৬

সাইবার সুরক্ষা আইন গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি চলছে: ফয়েজ আহমেদ

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সাইবার সুরক্ষা আইন গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

শনিবার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমেদ বলেন, “সাইবার বুলিংসহ অনলাইনে হয়রানির বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট কাঠামো প্রয়োজন ছিল। এই আইনটি নারীদের সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা এবং তথ্য অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। গেজেট প্রকাশের পর এর বাস্তবায়ন দ্রুত শুরু হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “জনগণের স্বার্থে ইন্টারনেটের মূল্য আরও কমানো জরুরি। ইন্টারনেট এখন মৌলিক চাহিদার অংশ। সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করছি, তারা যেন দামের ক্ষেত্রে আরও সহনশীল হন।”

আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে চলমান হয়রানির বিষয়ে উদ্বেগ জানিয়ে বলেন, “এ ধরনের আচরণ আমাদের সামাজিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে। সরকার এই সমস্যা সমাধানে কঠোরভাবে কাজ করছে।”

এদিকে আলোচনা সভায় আইসিটি খাতের বিভিন্ন উদ্যোক্তা ও প্রযুক্তিবিদরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে আইন থাকা যেমন জরুরি, তেমনি তা যেন বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব না করে, সেদিকেও দৃষ্টি দিতে হবে।

উল্লেখ্য, ১৭ মে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয়। এ দিবসটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (ITU) উদ্যোগে পালিত হয় এবং এর উদ্দেশ্য হচ্ছে—বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রবেশাধিকার এবং নীতিমালার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি করা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন