রবিবার, ২৯ মার্চ ২০২৬

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা মামলায় তিনজন গ্রেফতার, তদন্তে অগ্রগতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস.এম. শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং মো. পলাশ সরদার (৩০)। পুলিশ জানিয়েছে, এই তিনজন সরাসরি হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিল এবং তাদের অবস্থান সনাক্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্র জানায়, গতকাল (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে শাহরিয়ার সাম্য তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ফেরার পথে রমনা কালীমন্দিরের পাশে দুর্বৃত্তদের হামলার শিকার হন। প্রাথমিকভাবে বাকবিতণ্ডার জেরে হামলাকারীরা তাদের ওপর ইট ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। একপর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর নিহতের বড় ভাই এস.এ.এম শরিফুল আলম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে আসামিদের শনাক্ত করে।

শাহবাগ থানার এক কর্মকর্তা জানান, “গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার মূল প্ররোচনাকারীসহ অন্যান্য দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এটি পরিকল্পিত না তাৎক্ষণিক ঘটনা—তা তদন্ত করে দেখা হচ্ছে।”

এ হত্যাকাণ্ডে ঢাবি শিক্ষার্থীদের মাঝে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী ও সহপাঠী নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

গ্রেফতারকৃতদের আজই বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে এবং মামলার তদন্ত দ্রুত শেষ করে চার্জশিট দাখিলের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন