মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস

দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ভেলো ক্লাবকে ৬–০ গোলে হারিয়েছে সান্তোস। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ব্রাজিলিয়ান তারকা।

এই জয়ে পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের শেষ আট নিশ্চিত করেছে সান্তোস। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ নভোরিজোন্তিনো।

ভেলোর বিপক্ষে নেইমার দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। নামার পর থেকেই আক্রমণে গতি আসে। কয়েকটি সুযোগ তৈরি করেন এবং দুবার নিজেও গোলের কাছাকাছি পৌঁছান। তবে তাঁকে একাধিক কঠিন ফাউলের শিকার হতে হয়, যা কিছু সময়ের জন্য উদ্বেগ তৈরি করেছিল। ম্যাচের ৮১ মিনিটে তাঁর বাড়ানো পাস থেকে গোল করেন গ্যাব্রিয়েল বারবোসা

চোটের কারণে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ খেলতে পারেননি নেইমার। দীর্ঘ পুনর্বাসন শেষে এই ম্যাচেই মৌসুমে প্রথমবার মাঠে নামলেন তিনি। সামনে বিশ্বকাপের প্রস্তুতি থাকায় এই প্রত্যাবর্তন তাঁর ব্যক্তিগত ক্যারিয়ারেও গুরুত্বপূর্ণ। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড পরের ম্যাচগুলোতে নিজেকে আরও প্রমাণ করতে চাইবেন।

গত বছরের শেষদিকে ব্রাজিলিয়ান শীর্ষ লিগে অবনমন সংকটে পড়েছিল সান্তোস। শেষ তিন ম্যাচে চোট নিয়েই খেলেন নেইমার। এক ম্যাচে গোল ও অ্যাসিস্ট, এক ম্যাচে হ্যাটট্রিক এবং শেষ ম্যাচে প্রভাবশালী পারফরম্যান্সে দলকে টিকে থাকতে সাহায্য করেন তিনি। তবে সেই সময় বাঁ হাঁটুতে চোট গুরুতর হলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে হয় তাঁকে।

নেইমারের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় রয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপ পরিকল্পনায় তাঁকে রাখা হবে কি না—সে প্রশ্ন এখনো পুরোপুরি মেটেনি। তবে মাঠে ফেরাটা সমর্থকদের জন্য ইতিবাচক বার্তা।

ম্যাচ শেষে সান্তোস কোচ হুয়ান পাবলো ভোজভোডা বলেন, নেইমার এখনো বিশ্বমানের খেলোয়াড় এবং তাঁর মধ্যে জয়ের তাড়না স্পষ্ট। অনুশীলন থেকে শুরু করে ম্যাচ—সব জায়গাতেই তিনি নিজের উপস্থিতি জানান দিতে চান। কোচ জানান, ফিটনেস যাচাই করতেই দ্বিতীয়ার্ধে তাঁকে প্রায় ৫০ মিনিট খেলানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন