রাষ্ট্রমালিকানাধীন দেশের সর্ববৃহৎ ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি ২০২৫ সালের প্রথম অর্ধবার্ষিকীতে রেকর্ড ৩৭০৬ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১ হাজার ৪৫৩ কোটি ৮২ লাখ টাকা বেশি। ২০২৪ সালের জুন শেষে ব্যাংকের পরিচালন মুনাফা ছিল ২ হাজার ২৫২ কোটি টাকা।
মুনাফার পাশাপাশি আমানতেও বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকের আমানত ২০২৪ সালের তুলনায় ১৩ হাজার ৬৩১ কোটি টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৯৪ কোটি ৩১ লাখ টাকায়। ২০২৪ সালের জুন শেষে এ পরিমাণ ছিল ১ লাখ ৫৮ হাজার ৭৬২ কোটি ৮৩ লাখ টাকা।
তবে সরকারি খাতের কিছু ঋণ পরিশোধের কারণে চলতি বছরের জুন শেষে ব্যাংকের ঋণ ও অগ্রিমের পরিমাণ কিছুটা কমে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৪৬ কোটি টাকায়, যা গত বছরের একই সময়ে ছিল ৯৮ হাজার ৯২৬ কোটি টাকা। বর্তমানে ঋণ-আমানত অনুপাত ৫৭.১ শতাংশ।
এছাড়া বছরের প্রথম ছয় মাসে ব্যাংকের লস শাখার সংখ্যা ১৫ থেকে কমে দাঁড়িয়েছে ১৪টিতে। বর্তমানে সোনালী ব্যাংকের শাখার সংখ্যা ১২০৪টি।
ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান বলেন, “এ অর্জন ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর একাগ্রতা, পরিশ্রম ও সমন্বিত প্রচেষ্টার ফল। গুণগত ঋণ বৃদ্ধির লক্ষ্যে সিএমএসএমই খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে উদ্যোগ জোরদার করা হয়েছে। রেমিট্যান্স আহরণ, আমদানি-রপ্তানি এবং নন-ফান্ডেড আয় বৃদ্ধিতেও বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “সেবার মান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর আধুনিকায়ন, অভ্যন্তরীণ সুশাসন ও সক্ষমতা বৃদ্ধির ফলে ব্যাংক এগিয়ে যাচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।”

