পুলিশের টহল দলের অভিযানে উদ্ধার দুটি ধারালো চাকু
রাজধানীর আসাদগেটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরাফাত (২০), ফাইমুল হাসান (২২) ও আবির ব্যাপারী শান্ত (২৩)।
যেভাবে গ্রেপ্তার
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।
তিনি জানান, মোহাম্মদপুর থানার একটি টহল দল দায়িত্ব পালনের সময় আসাদগেট এলাকায় ওই তিন যুবককে ছিনতাইয়ের প্রস্তুতি নিতে দেখে। পরে তাঁদের আটক করে তল্লাশি চালানো হলে দুটি ধারালো চাকু পাওয়া যায়।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

