দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার টাকার কিছু বেশি। এছাড়া কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম দেড় লাখ টাকার ওপরে। ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার টাকার নিচে।
দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২৩ অক্টোবর সকাল ১০টা থেকে সোনার গহনা ও রুপার গহনার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনার গহনা ও রুপার গহনা বিক্রি হবে।
২৩ অক্টোবর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এর আগে ২২ অক্টোবর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় এক হাজার ৬৯১ টাকা। তার আগে ১৩ অক্টোবর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এতে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৭ হাজার ১১৫ টাকা।
তিন দফায় সাত হাজার টাকার ওপরে কমার পর বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।

