ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের একের পর এক হামলার মুখে সৌদি আরবের প্রতি সংহতি জানাতে আকস্মিক সফরে দেশটির রাজধানী রিয়াদে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।
হুথিদের হামলা বেড়ে যাওয়ার পর ম্যাক্রোঁই প্রথম পশ্চিমা নেতা, যিনি সৌদি আরব সফর করলেন।
ম্যাক্রোঁর সৌদি আরবে পৌঁছানোর আগে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই সফরের মূল উদ্দেশ্য হলো হুথি হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের পাশে দাঁড়ানো। পাশাপাশি হাইড্রোকার্বন বা জ্বালানি সরবরাহ নিরাপদ রাখা এবং এর উৎসে বৈচিত্র্য আনার প্রচেষ্টা অব্যাহত রাখা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাক্রোঁ বলেন, তিনি শুধু ‘তার দায়িত্ব পালন করছেন’।
সৌদি আরব সফরের আগে কাতারে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানে তিনি জানান, সৌদির প্রধান তেল টার্মিনাল বন্দর ইয়ানবুতে ফরাসি সামরিক সদস্য ও সরঞ্জাম পাঠানো হয়েছে।

