বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সৌদি বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

সৌদি আরবের দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো এক হামলায় দুই প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন।

বুধবার রাতের এ হামলায় একজন ভারতীয় ও একজন সৌদি নাগরিক নিহত হওয়ার খবর বৃহস্পতিবার সংবাদমাধ্যমে এসেছে।

আহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি ও এক নেপালি নাগরিক রয়েছেন বলে সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।

বাংলাদেশের আহত দুই প্রবাসী হলেন- কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।

তাদের পরিচয়ের তথ্য দিয়ে বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আহতরা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোর রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বাদশা ফাহাদ বিমানবন্দরে এ হামলা হয়।

এ হামলায় আহত দুই বাংলাদেশির সবশেষ অগ্রগতির তথ্য হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিয়েছে।

মন্ত্রণালয় বলছে, হামলায় সরাসরি কোনো শারীরিক আঘাতের চিহ্ন না থাকলেও অতিরিক্ত তাপ ও ধোঁয়ার কারণে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। তবে দ্রুত চিকিৎসার পর বর্তমানে তারা সুস্থ আছেন এবং শুক্রবার তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র (রিলিজ) দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পর বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন, চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

দূতাবাসের পক্ষ থেকে তাদের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলেও এতে বলা হয়েছে।

এর আগে গত ১০ অক্টোবর সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের ক্ষেপনাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হন। ওই ঘটনায় ২৭ বাংলাদেশি আহত হয়েছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন