বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার;পুরো জুয়েলারি খাতকে দায়ী না করার আহ্বান বাজুসের

ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তারের ঘটনায় পুরো জুয়েলারি খাতকে নেতিবাচক প্রচারণার আওতায় না আনার আহ্বান জানিয়েছে বাজুস। সংগঠনটি বলেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে দেশের সম্ভাবনাময় জুয়েলারি শিল্পের সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা সমীচীন নয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাজুসের প্রেসিডেন্ট এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তারের বিষয়টি বাজুসের নজরে এসেছে। সংগঠনটি সব সময় অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান করে এবং কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। তবে দিলীপ কুমার আগরওয়ালাকে নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে দেশের সামগ্রিক জুয়েলারি খাতের ভাবমূর্তি রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বাজুসের তথ্য অনুযায়ী, দেশের অর্থনীতি, রাজস্ব আহরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে জুয়েলারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সঙ্গে প্রায় ৪০ হাজার ব্যবসায়ী এবং ২৮ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জুয়েলারি খাতকে সুশৃঙ্খল, আধুনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। স্বর্ণ নীতিমালা-২০১৮ (সংশোধিত ২০২১) আধুনিকায়ন, সংশোধন ও সংযোজনের লক্ষ্যে গত আট মাস ধরে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাজুস।

সংগঠনটির আশঙ্কা, জুয়েলারি খাতের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হলে বৈধ ব্যবসা সংকুচিত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আহরণের উদ্যোগও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ও জীবিকা হুমকির মুখে পড়তে পারে। একই সঙ্গে দেশীয় বাজারের একটি অংশ বিদেশমুখী হয়ে পড়লে বৈধ পথে অর্থ দেশের বাইরে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

বাজুসের মতে, কোনো ঘটনা বা অভিযোগের কারণে সম্ভাবনাময় এ শিল্পের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হওয়া উচিত নয়। একই সঙ্গে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, কর্মী ও তাদের পরিবারের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

বাজুস বলেছে, ডায়মন্ড ওয়ার্ল্ড একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, যার সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান ও জীবিকা জড়িত। কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে প্রতিষ্ঠানের নিরপরাধ কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে অযথা ক্ষতির মুখে না পড়েন, সে বিষয়েও যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সংগঠনটি প্রত্যাশা করেছে, আইনের শাসন, ন্যায়বিচার, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার মাধ্যমে দেশের জুয়েলারি খাতের ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। দেশের স্বর্ণ ও ডায়মন্ড শিল্পের বিকাশ, বৈধ ব্যবসার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় রাজস্ব বৃদ্ধির স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাজুস।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন