বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে ভোররাতে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, আহত ৩

গুলিতে আহত ৬৫ বছর বয়সী ব্যক্তি ও এক তরুণ ঢাকা মেডিকেলে, যুবদল নেতাসহ আটক ৩

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে যুবদল নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রামে জেলা বিএনপির সদস্য আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন আবু সাঈদ (৬৫), সাইফুল হাওলাদার (২১) ও মো. হৃদয় (২২)। গুলিবিদ্ধ আবু সাঈদ ও সাইফুল হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ককটেল বিস্ফোরণে সাইফুলের ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। অপর আহত হৃদয়কে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সহসভাপতি মিল্টন মল্লিক (৪৫), মো. মুন্না (৪০) ও আল-আমিন (২৩)।

ইউপি নির্বাচন ঘিরে উত্তেজনার অভিযোগ

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে এলাকার নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পূর্ব মাকহাটি গ্রামে দুই পক্ষের লোকজন সংঘবদ্ধ হলে গোলাগুলির সূত্রপাত হয়। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বাড়িতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ

আহত সাইফুল হাওলাদারের মা পেয়ার বেগম অভিযোগ করেন, ভোরে আতিক মল্লিকের সমর্থক মিল্টন মল্লিক দলবল নিয়ে তাঁর ছোট ছেলে সাইফুলের বসতবাড়িতে হামলা চালান এবং এলোপাতাড়ি গুলি করেন। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

পেয়ার বেগমের দাবি, ভয়ে তাঁর ছেলে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। সেটি বিস্ফোরিত হলে সাইফুলের ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা আতিক মল্লিক ও আওলাদ হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। তাঁদের ব্যবহৃত মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যায়।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন