অনুসরণ করুন:
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-ভাঙচুর: আরও ৮ জন রিমান্ডে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার আরও আট আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. শাহাদাত হোসেন, কাজী মকবুল হোসেন, মো. শাহ আলম, মো. আতিকুর রহমান, মো. কামরুল ইসলাম, মো. নুর আলম, মো. রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে মোহাম্মদ আলী জিন্নাহ এবং মো. সাজ্জাদ হোসেন মিশু।

আদালত সূত্রে জানা যায়, এর আগে গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। নির্ধারিত দিনে রিমান্ড শুনানির আগে পুলিশ তাদের কারাগার থেকে আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মধ্যরাতে হামলা ও ব্যাপক ভাঙচুর

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর শাহআলী থানাধীন এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল লোক হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। এরপর তারা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনা ও কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ভেকু দিয়ে প্রতিষ্ঠানের পূর্ব পাশে থাকা প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেঙে ফেলে। পরে পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার জন্য ব্যবহৃত আরেকটি সেমিপাকা ঘর এবং এর ভেতরে থাকা আসবাবপত্রও ভাঙচুর করা হয়।

এ ছাড়া আলট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের পাকা ভবনের দরজা-জানালাও ভাঙচুরের অভিযোগ রয়েছে।

ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম লুটের অভিযোগ

মামলার এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে বিভিন্ন ধরনের ওষুধ ও সামগ্রী নিয়ে যায়। একই সঙ্গে দুটি আলট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি এবং তিনটি স্টিলের আলমারি নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ঘটনাস্থল ত্যাগের সময় হামলাকারীরা প্রতিষ্ঠানের নৈশপ্রহরীদের ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়। পরে সেখানে দোকানদার সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড লাগিয়ে তারা চলে যায়।

মামলায় ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাত আসামি

এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহআলী থানায় মামলা করেন। মামলায় মো. হানিফ মিয়াসহ (৫০) অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আরও আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিলেন আদালত। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও ঘটনার পেছনে থাকা কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন