রবিবার, ২৯ মার্চ ২০২৬

কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, নিরাপদে অবতরণ ঢাকায়

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চাকা উড্ডয়নের পরই খুলে নিচে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় বিমানটি ঢাকায় সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়েছে। ফ্লাইটটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন।

শুক্রবার (১৬ মে) এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর।

তিনি বলেন, “কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি আকাশে উড়ার পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি সফলভাবে অবতরণ করেছে। যাত্রীরা নিরাপদে বিমান থেকে বের হয়েছেন।”

বিমান কর্তৃপক্ষ জানায়, চাকা খুলে পড়ার তথ্য পাওয়ার পরই ঢাকায় অবতরণের জন্য সব ধরনের জরুরি প্রস্তুতি নেওয়া হয়। রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম। তবে চাকা ছাড়াই বিমানটি সফলভাবে অবতরণ করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

এ বিষয়ে বিমানের ফ্লাইট সেফটি বিভাগ জানায়, “একটি চাকা ছাড়াও নির্দিষ্ট কৌশলে উড়োজাহাজ অবতরণ করানো সম্ভব। এতে পাইলটের দক্ষতা ও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এবিএম রওশন কবীর আরও বলেন, “বিমানবন্দরের রানওয়ের পাশে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম অবস্থান করছে। কেন এমনটি ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিমানের নিরাপত্তা নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।”

এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত কেউ আহত হননি। নিরাপদে অবতরণ করায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

উল্লেখ্য, বিজি ৪৩৬ ফ্লাইটটি ‘ড্যাশ ৮-৪০০’ মডেলের উড়োজাহাজ, যা স্বল্পপাল্লার যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এ ধরনের ঘটনায় বিমানের রক্ষণাবেক্ষণ ও কারিগরি ব্যবস্থাপনার ওপর নতুন করে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন বিমান সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন